করোনার প্রতিষেধক নিয়ে দুর্গাপুরে অসুস্থ তিন স্বাস্থ্যকর্মী, বন্ধ হল প্রতিষেধক নেওয়া
দি নিউজ লায়ন ; করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিন স্বাস্থ্যকর্মী। দুর্গাপুরে বন্ধ হয়ে গেল করোনার টিকা প্রদান কর্মসূচি। দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৩ জন স্বাস্থ্য কর্মী। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।আপাতত বন্ধ রাখা হয়েছে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ।
দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি জানিয়েছেন, আপাতত বন্ধ রাখা হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেলে শুরু হবে। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৬ই জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। ৩১জন স্বাস্থ্যকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হয় বৃহস্পতিবার সকাল থেকে। এদিন করোনা ভ্যাকসিন নেওয়ার পর তিনজন স্বাস্থকর্মী অসুস্থ হয়ে পড়লে, তাদের এম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে থাকা দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য অধিকারিক জানান অসুস্থ তিন জন স্বাস্থকর্মীর মাথা ঘুরছিল, শারীরিক কিছু সম্যসা দেখা দেওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সব দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Post a Comment